জাতীয় স্মৃতিসৌধে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণে প্রবেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল থেকে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রীপরিষদ শপথ গ্রহণ করবে। এরপরে নবাগত মন্ত্রী ও প্রধানমন্ত্রী জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেজন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সদস্যরা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যরা শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।