জিতলেন জোনায়েদ সাকি, জামানত হারালেন স্ত্রী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী ও জোনায়েদ সাকির স্ত্রী তাসলিমা আখতার। তিনি ‌‘মাথাল’ প্রতীক নিয়ে মাত্র ২ হাজার ৪৬ ভোট পেয়েছেন। ফলাফলে স্পষ্ট, নির্বাচনে অংশগ্রহণ করলেও জামানত ফেরত পাওয়ার মতো ভোট পাননি তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া ৫০ হাজার টাকা এখন আর ফেরত পাবেন না তাসলিমা।

ঢাকা-১২ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের চেয়ে ২২ হাজার ১৮০ বেশি। ‘কোদাল’ প্রতীকে সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

অন্যদিকে, তাসলিমার স্বামী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিএনপি জোট সমর্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জয় পেয়েছেন। সেখানেও তিনি মাথাল প্রতীকে লড়ে ৯৬ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

নির্বাচনী হলফনামায় জোনায়েদ সাকি নিজের পেশা প্রকাশক উল্লেখ করলেও, তার স্ত্রী তাসলিমা আখতার পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক।