হাতিয়ায় বিএনপি সমর্থকের দোকানে আগুন, এনসিপির বিরুদ্ধে অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আফাজিয়া বাজারের এক কিলোমিটার দক্ষিণে মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম সর্দার।

ঘটনার খবর পেয়ে রবিবার ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এ ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদেরকে দায়ী করেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক কালাম সর্দার বলেন, ‘আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।’

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘ধানের শীষের পক্ষে কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’