কোন দল কত ভোট পেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ, জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ও এনসিপি ৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। গতকাল রবিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন

ইসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ খেলাফত মজলিস ২.০৯ শতাংশ ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন হাতপাখা প্রতীকে ২.৭০ শতাংশ এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন।

এ ছাড়া জাতীয় পার্টির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্যসহ ৩৫ দল ১ শতাংশের নিচে ভোট পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক ঐক্য, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কোনো ভোট পায়নি (০ শতাংশ)। এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল এবং বাংলাদেশ সমঅধিকার পার্টিও (বিইপি) কোনো ভোট পায়নি বলে ইসির তথ্যে উল্লেখ করা হয়েছে।

ইসির ঘোষিত ফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণ অধিকার পরিষদ পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন।