দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম দীন ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় সে হেফজ বিভাগে পড়ত।

তিনি আরও জানান, রবিবার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।