পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজিত হয়েও সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ভেরিফাইড ফেসবুকে আইডিত পোস্টের মাধ্যমে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
পাঠকদের জন্য স্ট্যাটাসটা তুলে ধরা হলো, বিজয়ী সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা বিজয়ীদের জন্য শুভকামনা।
এর পর তিনি লেখেন, যারা আমাকে ভোট দিয়েছেন, সঙ্গে থেকেছেন, মিছিল, মিটিং শ্রম দিয়েছেন, বুদ্ধি পরামর্শ ও সাহায্য করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসার এই ঋণ কোনোভাবে পরিশোধ করার মতো নয় শুধু হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই ফোন করে সমবেদনা জানিয়েছেন, ম্যাসেজ দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, সবার উত্তরও দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের এই পথ চলা থামবে না, চলবে। আগেও যেমন পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও পাশে থাকবো, ইনশাআল্লাহ।
শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালি-নেছারাবাদ ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর ৮২৮৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।