গাজায় শান্তিরক্ষা মিশনে ১,০০০ সেনা পাঠাবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া আগামী এপ্রিলের শুরুতে গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা মিশনে ১,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ডনি প্রামোনো। তিনি জানিয়েছেন, জুন পর্যন্ত মোট ৮,০০০ সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হবে। 

ইন্দোনেশিয়ার জাতীয় সশস্ত্র বাহিনী (টিএনআই) তাদের প্রস্তাবিত সেনা কাঠামো এবং গাজায় সরানো সংক্রান্ত সময়সূচি চূড়ান্ত করেছে। তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে মোতায়েনের সিদ্ধান্ত দেননি। সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডনি প্রামোনো বলেন, 'নীতিগতভাবে আমরা যে কোনো জায়গায় পাঠানোর জন্য প্রস্তুত। সরকার আনুষ্ঠানিক অনুমোদন দিলেই আমাদের সেনারা স্বল্প সময়ে প্রেরণ করা যেতে পারে।'

প্রামোনো জানান, ফেব্রুয়ারির ১২ তারিখের বৈঠকে মিশনের জন্য ৮,০০০ সদস্যের একটি যৌথ ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী, সেনারা ফেব্রুয়ারির পুরো মাসে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করবেন। মাসের শেষের দিকে সেনা প্রস্তুতি পর্যালোচনা করা হবে।