টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ খানের ৭০০ 

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান। আজ দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুহাম্মদ আরফানকে আউট করে বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে *৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই লেগ-স্পিনার।

৬৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করা রাশিদকে তার ল্যান্ডমার্ক উইকেটের জন্য ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আরব আমিরাতের ব্যাটার আরফান তাকে রিভার্স-সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে আঘাত করে বসেন (হিট উইকেট)। অদ্ভুতভাবে উইকেটটি এলেও এটিই রাশিদকে পৌঁছে দেয় ইতিহাসের শিখরে। মাইলফলক স্পর্শ করলেও রাশিদকে খুব একটা উদযাপন করতে দেখা যায়নি; কারণ সুপার এইটে যাওয়ার সমীকরণে আফগানিস্তানের জন্য এই ম্যাচে জয় তখন অত্যন্ত জরুরি ছিল।

রাশিদ খান বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক ব্যবধানে এগিয়ে আছেন। শীর্ষ উইকেট শিকারিদের তালিকাটি এখন এমন: 
রাশিদ খান: ৭০০ উইকেট
ডোয়াইন ব্রাভো: ৬৩১ উইকেট (অবসর)
সুনীল নারিন: ৬১৩ উইকেট (সক্রিয়)

ন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রাশিদ শীর্ষস্থান ধরে রেখেছেন। এই ৭০০ উইকেটের মধ্যে ১৯১টি উইকেট তিনি শিকার করেছেন আফগানিস্তানের জাতীয় দলের জার্সিতে। এই তালিকায় তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোধি (১৬২)।

বিশ্বকাপের শুরু থেকেই এই ৭০০ উইকেট নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। তবে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে রাশিদ বলেছিলেন: '৭০০ উইকেট বা যে অর্জনই হোক না কেন, তা চলতে থাকবে। আমি মনে মনে কোনো লক্ষ্য স্থির করিনি যে ৭০০ উইকেট নিয়ে থেমে যাব। যখন আমি জাতীয় দলের হয়ে খেলি, আমার শতভাগ চেষ্টা থাকে দলের প্রয়োজনে উইকেট নেওয়া।'

২০২৩ সালে পিঠের অস্ত্রোপচারের পর রাশিদ নিজের সেরা ছন্দ খুঁজে পেতে কিছুটা লড়াই করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৫ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি কিছুটা ব্যয়বহুল ছিলেন, তবে আজকের এই ঐতিহাসিক অর্জন আবারও প্রমাণ করল কেন তাকে এই ফরম্যাটের সর্বকালের সেরা বোলার বলা হয়।