জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আজ সন্ধ্যা ৬টায় তারা যাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় দলটি এই তথ্য জানিয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে আরও থাকছেন- সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। তারা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন।

এনসিপি জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, তাকে প্রাধান্য দিয়েই তারা এই সনদে যুক্ত হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারা সাতটি নির্দিষ্ট অঙ্গীকার করেছেন। এই সনদে মূলত জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের প্রতিফলন ঘটানো হয়েছে।

সনদের উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে- ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। এছাড়া গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে এসব হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার অঙ্গীকারও করা হয়েছে।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে এনসিপি জানিয়েছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের যে সিদ্ধান্তগুলো জুলাই সনদে রয়েছে, সেগুলো বাস্তবায়নে তারা সচেষ্ট থাকবে। এই সনদকে সংবিধানের তফসিল হিসেবে যুক্ত করার পাশাপাশি এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।