ছেলেকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছিলেন বাবা, ট্রাকচাপায় মৃত্যু

খুলনায় ট্রাকচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বাগেরহাটের সরুই এলাকার খানজাহান আলী সড়কের বাসিন্দা।

খুলনা লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টা দিকে জাহাঙ্গীর আলম তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।