পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে ৬০ বছর বয়সী এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ২২ ধারায় রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন হাসান শিশুটির জবানবন্দি নেন। এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ জানান, ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে ঘটনার বর্ণনা দিয়ে শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তিনি জানান, ছোটবেলায় শিশুটির মা মারা গেছে। বাবা ক্যান্সার আক্রান্ত। ভাই কৃষি কাজ করে যা আয় করে তা দিয়েই তাদের সংসার চলে। খুবই গরীব পরিবার। অসহায়ত্বের কারণে মেয়েটির লেখাপড়াও হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার শিশুটির বাবা কর্মস্থলে ছিলেন। এ সময় বাড়িতে শিশুটি ও তার দাদি অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, শিশুটির দাদি পুকুরে হাড়ি-পাতিল ধুতে গিয়েছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে মুখ চেপে রান্নাঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। একপর্যায় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এবিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, মামলার একমাত্র আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।