নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নাঙ্গলকোট ও হাসানপুর রেলস্টেশনের মাঝামাঝি মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, হাসানপুর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনটির ১৩১৮ নম্বর বগিটি হঠাৎ লাইন থেকে সরে যায়। বিকট শব্দ শুনে চালক তাৎক্ষণিক জরুরি ব্রেক প্রয়োগ করলে ট্রেনটি থেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল হোসেন জানান, চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকামুখী লাইনে চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।

ঘটনাস্থলে থাকা যাত্রী জসিম উদ্দিন বলেন, পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ তীব্র শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নেমে দেখেন, তাদের বগিটিই লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হননি।

ট্রেনের পাওয়ার কারচালক মো. অলিউল্লাহ জানান, বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক করা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। রেল কর্তৃপক্ষ বলছে, লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে