প্রতি বছরের মতো এবারও রোজার আগ মুহূর্তে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে মেট্রোপলিটন শহর ও জেলা শহরগুলোতে পণ্য বিক্রি করবে টিসিবি। এবারে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করবে বিপণন সংস্থাটি। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত।
টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ ৭টি মেট্রোপলিটন শহর এবং ৫৫টি জেলা শহরে ৪৫০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্য তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা, মশুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর বিক্রি করবে ১৬০ টাকা কেজি দরে।
একেকজন ক্রেতা একসঙ্গে ২ লিটার তেল, এক কেজি করে চিনি ও ছোলা, দুই কেজি মশুর ডাল এবং সরবরাহ অনুযায়ী এক থেকে দুই কেজি পর্যন্ত খেজুর কিনতে পারবেন। টিসিবি বলছে, ট্রাকসেলের মাধ্যমে ২৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। যেখানে ৩৫ লাখ মানুষ উপকারভোগী হবে বলে ধারনা করা হচ্ছে।
এ ছাড়া টিসিবি ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। উল্লিখিত দামেই এসব পণ্য কার্ডধারীদের কাছে বিক্রি করবে টিসিবি।