তিন ধাপে শপথ, নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা কবে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নতুন সংসদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন নির্বাচিত সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বেলা ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রথম ধাপে সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেবেন। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দিনের তৃতীয় ও শেষ শপথপর্ব।

এ বিষয়ে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রসঙ্গে তিনি জানান, যিনি প্রধানমন্ত্রী হবেন, তার ওপরই এ তালিকা নির্ভর করছে।

সংবিধানের ৭২ ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকতে হবে। ১৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা করা হয়। সে হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন ডাকতে হবে রাষ্ট্রপতিকে।

সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্ট বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। তবে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমেই তাকে এ সিদ্ধান্ত নিতে হবে। প্রথম বৈঠকের সময় ও স্থানও তিনিই নির্ধারণ করে দেবেন।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসাবে রোজা রেখেই প্রথম সংসদ অধিবেশনে অংশ নিতে হবে নতুন এমপিদের।

জানা গেছে, সংসদ সদস্যদের শপথের পরই সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নামের প্রস্তাব গৃহীত হবে। 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ শপথগ্রহণ অনুষ্ঠান। সব মিলিয়ে আগামীকাল সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণতা পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ।