জামানত হারালেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রাঙ্গা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা মাত্র ৫ হাজার ১৫৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এক সময় রংপুরের গঙ্গাচড়া আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা এই জ্যেষ্ঠ রাজনীতিকের এমন ফল স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৯১ হাজার ২২২টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৯৮১টি।

নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে মোট বৈধ কাস্টিং ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে রাঙ্গাসহ মোট ৭ জন প্রার্থী প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হাসান রাজীব প্রধান (ধানের শীষ প্রতীক)। তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।

জামানত হারানো অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- শিহাব আহমেদ (ঘোড়া প্রতীক) ৭ হাজার ৯৫৯ ভোট, মোহাম্মদ ফয়জুল করিম শাহরিয়ার (হাতপাখা প্রতীক) ২ হাজার ২৪২, রেজাউল করিম সরকার (মোটরসাইকেল প্রতীক) ৮০৪, হাবিব মোহাম্মদ ফারুক (মোটরগাড়ি প্রতীক) ২২৬, আবু সালামা মো. রেদওয়ানুল হক (তালা প্রতীক) ১৯১ এবং শুভ আহমেদ (আনারস প্রতীক) ১৪৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য কোনো প্রার্থী ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে পারেননি। ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁদের জামানত সরকারি কোষাগারে জমা হয়েছে।