ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন পাঁচ আইনজীবী

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। গতকাল আইন ও বিচার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। তাদের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাঁচজনের যোগদানের মধ্য দিয়ে ১০৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।