ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিসহ ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এএস মো. আবদুল হাছিব। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ড. মো. শরীফ নাফে আস-সাবের ও অধ্যাপক ড. সামসাদ মর্তুজাকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

অধ্যাপক আবদুল হাছিব বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন। এর মধ্যে তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি করে সরকার। এ অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হয়।

বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য : এদিকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যসহ সব ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের উপস্থিতিতে উপাচার্যের দায়িত্ব নেন শরীফ নাফে আস্-সাবের। আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্টামফোর্ডে যোগ দেওয়ার আগে শরীফ নাফে আস্-সাবের ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ থেকে দুই বছর তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশনের (মধ্যপ্রাচ্য অধ্যায়) ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেন।

অন্য প্রজ্ঞাপনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তুজাকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগের মেয়াদও চার বছর।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।