ছায়া মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি

সংসদে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ কারণে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।’

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার সিইসির নেই। যদি সংবিধানে এটি অন্তর্ভুক্ত করা হয়, সংবিধান সংশোধন করা হয় এবং কে শপথ পড়াবেন তা নির্ধারণ করা হয়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্রম সম্ভব।’

নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়Ñ হাফিজ উদ্দিন আহমদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়। দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।