টাকার জোর কম; তবু শিরোপা লড়াইয়ে রোনালদোর আল নাসর

সৌদি প্রো লিগে বড় ব্যয়বহুল ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিতে অর্থনৈতিক শক্তির ঘাটতির কথা স্বীকার করেছেন আল নাসর-এর কোচ জর্জ জেসুস। তার মতে, বেশি অর্থব্যয়ের দল আল হিলালকে টক্কর দিতে হলে বিকল্প উপায়ে শক্তি বাড়াতে হবে। সাম্প্রতিক ম্যাচে আল ফাতেহকে ২–০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে আছে আল নাসর। ওই ম্যাচেই দলে ফেরেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি আগের দুই ম্যাচে খেলেননি।

ট্রান্সফার বাজারে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম আর্থিক সহায়তা পাওয়ার অভিযোগ তুলে জেসুস বলেন, ‘আমি আগেও আল হিলালে ছিলাম, তাই জানি ওদের সামর্থ্য কেমন। ওদের অর্থশক্তি বেশি—এটা স্বাভাবিক। আল নাসরকে ভিন্ন সম্পদ নিয়েই শীর্ষস্থানের জন্য লড়তে হবে। আমাকে আনা হয়েছে আল হিলাল ও আল নাসরের মধ্যে শিরোপা ও পয়েন্টের ব্যবধান কমাতে। আমরা সেটাই করার চেষ্টা করছি।’

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। এখনো ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তবে গত দুই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল কম। লিগ টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে আল নাসর, শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।

জেসুসের বিশ্বাস, ‘আমরা এখনো শিরোপার লড়াইয়ে আছি। আগের মৌসুমগুলোতে আল নাসর অনেক পয়েন্ট পিছিয়ে থাকত। এবার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই।’