‘তিলক-রিঙ্কুকে দিয়ে বোলিং করিয়ে পাকিস্তানের গালে চড় মেরেছেন সূর্যকুমার’

বিতর্কিত ও চাঁচাছোলা মন্তব্যের জন্য সুপরিচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের ভরাডুবির পরও তিনি নিজের রূপে আছেন। বাবর আজমদের বিপক্ষে সূর্যকুমার যাদব যেভাবে পার্টটাইম বোলারদের ব্যবহার করেছেন, সেটাকে সজোরে থাপ্পড় বলে মনে করছেন বাসিত।

গত রবিবার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় তুলে নিয়েছে ভারত। ১৭৫ রান ডিফেন্ড করতে নামা ভারতের মূল বোলারদের সবার ওভার তখনও বাকি, কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব বোলিংয়ে আনেন তিলক ভার্মা এবং রিঙ্কু সিংকে। এই দুজন পার্টটাইম বোলারও নন, কদাচিৎ হাত ঘুরিয়ে থাকেন। এত গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না তাদেরকে আনা হলো বোলিংয়ে!

এখানেই পাকিস্তানের চরম অপমান দেখছেন বাসিত আলী। ‘গেম অন হ্যায়’ শোতে বাসিত আলী বলেছেন, ‘তিলক ভার্মা ও রিঙ্কু সিংকে বোলিংয়ে এনে পাকিস্তানের গালে সপাটে চড় মেরেছে সূর্যকুমার। এটিই পাকিস্তান ক্রিকেটের সত্যিকারের মান। আমি কিন্তু হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা কিংবা বরুন চক্রবর্তীর কথা বলছি না।’

উল্লেখ্য, এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ৭.৩ ওভার বোলিং করেছিলেন তিলক ভার্মা। অন্যদিকে রিঙ্কু সিংয়ের বোলিংয়ের অভিজ্ঞতা ছিল স্রেফ ১.৪ ওভার! দুজনের মধ্যে রবিবারের ম্যাচে তিলক ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন। আর রিঙ্কু ১ ওভারে ৯ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ভারতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অল-আউট হয় পাকিস্তান।