বাঁশখালীতে আগুনে পুড়েছে ৫টি বসতঘর

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুজুরুজ মেম্বার বাড়ি এলাকায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিঃস্ব প্রায় সাত পরিবার।

আগুনে ৩০ লাখের ও বেশি ক্ষতির হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। ক্ষতিগ্রস্থদের মধ্যে ফোরকান, নূর মোহাম্মদ, আবু তাহের, আব্দু ছবুর, টিপুর, নাছিমা বেগম ও  রশিদ আহমদের ঘরের মালামাল রয়েছে।

স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস স্টেশন জানায়, আবু তাহেরের বসতঘর থেকে বিদ্যুৎ শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও সাত ঘর এতে পুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিমের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায়  ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শীলকূপ ইউনিয়ন পরিষ‌দের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.রাশেদ নুরী বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়। তারা দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের সব সহায়-সম্বল পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।