রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জাহিদ হাসান রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের মাহাতাব ফকীরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাহিদ বাড়ি থেকে খাবার খেয়ে ১০০ মিটার দূরে সাহেব আলী ওরফে মনোর দোকানে যায়। সেখানে সাড়ে ১২টার দিকে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম বলেন, দুপুর ১টার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে জাহিদ হাসানকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।