কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দ্বি-তল ভবনের ২য় তলা থেকে দুর্গন্ধ টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেন দৌলতপুর থানা পুলিশ। নিহত ট্রাক চালক উজ্জল হোসেন স্থানীয় বাসিন্দা ঈমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘খলিসাকুন্ডি বাজারের বাসিন্দা আসাদুল হকের দোতলা বাড়ির দ্বিতীয় তলায় বাসা ভাড়া করে বাস করতেন ট্রাক চালক উজ্জল হাসেন। দাম্পত্য কলহের কারণে উজ্জলের স্ত্রী সন্তান স্ত্রী’র পিতার বাড়িতে থাকতেন। উজ্জল হোসেন একাই এই বাসাতে বসবাস করতেন। মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দূর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশের ধারণা, খুব কাছের কোন ব্যক্তির সাথে পূর্ব থেকেই বিবাদমান দ্বন্দের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। সম্ভবত উজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কক্ষের মধ্যে লাশ রেখে বাইরে থেকে তারা লাগিয়ে চলে যায়।
বাড়ির মালিক আসাদুল হক জানান, ৭ মাস আগে উজ্জল ওই বাড়ির ২য় তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত। ১০ ফেব্রুয়ারি রাতে উজ্জল আমার ছেলেকে ফোন দিয়ে বাসাভাড়া বাবদ ৩ হাজার টাকা দেয়। এরপর থেকে তার সাথে আমাদের আর যোগাযোগ হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খলিসাকুন্ডি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।