পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উল্লাস ও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধার আগে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এতে বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফিরদোস চিন্ময়, জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান এক লাখ ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক উত্থান। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।
জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজ বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। জনগণের সেই সমর্থনের প্রতিদান হিসেবেই দলের চেয়ারম্যান তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।