নিয়মের বাইরে খাজনা আদায় করলেই চাঁদাবাজির মামলা

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, 'ঈশ্বরগঞ্জের সব বাজারে খাজনার চার্ট টানিয়ে তারপর খাজনা আদায় করতে হবে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে শতকরা ৫% খাজনা নিতে হবে। সব বাজারে ব্যবসায়ীরা মিলে খাজনার ব্যাপারে ঐক্যবদ্ধ হোন। সবাই শপথ করুন, চার্ট না টাঙানো পর্যন্ত কেউ খাজনা দিবেন না। আর যারা বাজার নিয়েছেন কেউ যদি নিয়মের বাইরে খাজনা আদায় করেন— প্রমাণ পাওয়া মাত্রই তার নামে চাঁদাবাজির করা মামলা হবে।'

আনুষ্ঠানিক শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাস দিয়ে এসব কথা বলেন। 

মুহুর্তেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই তার স্ট্যাটাস স্কিনশট দিয়ে নিজ নিজ ফেসবুক একাউন্টে পোস্ট করে লেখেন— এইবার ঠিক আছে, চাঁদাবাজদের লাগাম টেনে ধরতে এটা ভালো উদ্যোগ।

এমপি মাজেদ বাবুর এই স্ট্যাটাসে প্রশংসার জোয়ার বইছে ঈশ্বরগঞ্জে। স্ট্যাটাসের কমেন্ট বক্সে মাজেদ বাবুকে উদ্দেশ্যে সাঈদ আল রুবেল নামে একজন লিখেন, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী পাঁচ বছর পর আপনার কোনো কর্মী লাগবে না। জনগণ পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে আপনাকে। কোনো মহল্লায় গাড়ি পাঠানো লাগবে না।

আশেক মাহমুদ শাকিল নামে একজন লেখেন, চাঁদাবাজ সাবধান, খেলা শুরু হইয়া গেছে কিন্তু!

এছাড়া প্রায় দুই ঘন্টায় সাত শতাধিক মানুষ স্ট্যাটাসের কমেন্ট বক্সে উদ্যোগটিকে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন।