আর্থিকসংক্রান্ত মামলায় নতুন করে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। চেক বাউন্স-সংক্রান্ত একটি মামলায় হাজিরা না দেওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি। বরং অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আমিশা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি আদালত অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। মুখ খুললেন আমিশা।
এই অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে মামলাটিকে পুরনো বলে অভিহিত করেছেন। অভিযোগকারীর সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। আমিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘রিপোর্ট অনুযায়ী, পবন ভার্মা মোরাদাবাদ আদালতের দ্বারস্থ হয়েছেন। আমি সবাইকে জানাতে চাই যে এটি অনেক বছর আগের একটি পুরনো মামলা। পবন ভার্মা সম্পূর্ণ টাকাও ফেরত পেয়েছেন।’ তিনি আরও লিখেছেন, ‘মিথ্যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছেন তিনি। আমার আইনজীবীরা ওই ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির জন্য ফৌজদারি মামলা শুরু করছেন। যাতে তার মিথ্যা প্রকাশ্যে আসে। অন্যদিকে, আমি আমার কাজে মনোযোগ দিতে চাই এবং যারা মিথ্যা অজুহাতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, তাদের এড়িয়ে যেতে চাই।’
উল্লেখ্য, ২০১৭ সালে একটি অনুষ্ঠানের পরে বেশ কিছু অভিযোগ উঠেছিল আমিশার বিরুদ্ধে। মোরাদাবাদের একটি আদালতে সে অভিযোগ জমা পড়েছিল। অনুষ্ঠানের আয়োজক পবন ভার্মার অভিযোগ, ১৬ নভেম্বর বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে ১৪ লাখ ৫০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। মোরাদাবাদের দিল্লি রোডের একটি হোটেলে আমিশার থাকার ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি পবনের।