নবযাত্রায় মেজবা-তানজীব

প্রায় বছর জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো থাকে তরুণ প্রজন্মের সংগীতশিল্পী মেজবা বাপ্পীর। পাশাপাশি টিভি শোতে সরাসরি গান গাওয়া নিয়েও থাকে তার ব্যস্ততা। ২০১২ সালে চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি প্রথম গানের ভুবনে সাড়া ফেলেন। ২০১৮ সালে কলকাতার ‘সা রে গা মা পা’তে অংশগ্রহণ করে আলোচনায় আসেন তিনি। এরপর থেকেই মূলত একজন পেশাদার শিল্পী হিসেব বাংলাদেশের সংগীতাঙ্গনে তার পথচলা। এরইমধ্যে তার কণ্ঠে বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। যে গানগুলো শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। আর গত ১৬ ফেব্রুয়ারি রাতে মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘কী মায়া’।

গানটি লিখেছেন সিলভিয়া পারভেজ, সুর করেছেন মেজবা বাপ্পী, সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফাইজুল কবির রথী। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোহেল মন্ডল ও তন্বী আহমেদ তৃণা। ১৬ ফেব্রুয়ারিই ছিল মূলত নতুন ইউটিউব চ্যানেলে ‘এক্সসেপশন এন্টারটেননমেন্ট’র শুভযাত্রা। যাত্রা শুরুর দিনেই মেজবা বাপ্পীর ‘কী মায়া’ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই চ্যানেলের। এর পরপরই আসবে তানজীব সারোয়ারের লেখা ও সুর করা, সাজিদ সরকারের সংগীতে তানজীব সারোয়ারের একটি গান। তানজীব সারোয়ারও বেশকিছু মৌলিক গান দিয়ে শ্রোতা দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এই চ্যানেলেই আগামী ঈদে তানজীব সারোয়ারের গানটি আসবে। এরইমধ্যে ভিডিওর কাজ সম্পন্ন করা হবে বলে জানান মেজবা বাপ্পী।