পথচলার দুই দশক

দেখতে দেখতে অভিনয় জীবনের বিশ বছর পার করছেন অভিনেত্রী, উপস্থাপক আইনূন নাহার পুতুল। ২০০৬ সালে তিনি বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন। এতে তিনি কেন্দ্রীয় চরিত্র কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন। তার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিম আলদীনের সঙ্গে এই নাটকে অভিনয় করার। এরপর থেকে আজ পর্যন্ত একটু একটু করে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। এরইমধ্যে

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সাঁতাও’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন এমন ঘোষণাও দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে।

গত সোমবার সন্ধায় রাজধানীর হাতিরপুলে নিজের বাসায় বেশ কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে পুতুল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘শুরুতেই বলি-অভিনয় অঙ্গনে আমার পথচলা দেখতে দেখতে বিশটি বছর। কখন কীভাবে কেমন করে এই সময় পার করেছি তা বুঝতেও পারিনি। এরইমধ্যে বাবাকে হারালাম, মাও ভীষণ অসুস্থ। মাকে দেখভাল আমারই করতে হয়। মা-ই আসলে আমার বেঁচে থাকার প্রেরণা, আমার কাজের অনুপ্রেরণা, আমার নিঃশ্বাস। তাই যতই ব্যস্ত থাকি মাকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ মায়ের জন্যই আজকের আমি, আজকের পুতুল। দর্শকের প্রতি আন্তরিক

কৃতজ্ঞতা, তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছেন। কৃতজ্ঞতা আমার সব নির্মাতা, সহশিল্পীসহ আমার চলার পাথে যাদের আমি সবসময় পেয়েছি। ধন্যবাদ সাঁতাও টিমকে জীবনের শ্রেষ্ঠ অর্জনটি পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

উল্লেখ্য, ২০০৪-২০০৫ সেশনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আইনূন পুতুল নাটকেই এমফিল করে এখন মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্রে পিএইচ-ডি করছেন।