অস্ট্রেলিয়া ছিটকে গেল, জিম্বাবুয়ে শেষ আটে

বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’র এই ম্যাচে একটি পয়েন্ট পেলেই সুপার এইটে জায়গা নিশ্চিত করত জিম্বাবুয়ে। অন্যদিকে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডের জন্য জয় ছিল বাধ্যতামূলক। এর আগে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া জয়ে জিম্বাবুয়ে ভালো অবস্থানে উঠে যায়।

সোমবার শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্টে কঠিন অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। পরের ধাপে ওঠার আশায় তারা তাকিয়ে ছিল আয়ারল্যান্ডের জয়ের দিকে। তবে ক্যান্ডিতে টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে দুই দলই একটি করে পয়েন্ট পায়। এতে জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়ায় পাঁচ, চার ম্যাচ শেষ করা আয়ারল্যান্ডের পয়েন্ট তিন এবং দুই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পড়ে থাকে তালিকার নিচে। অস্ট্রেলিয়ার আর একটি ম্যাচ বাকি থাকলেও সেটি এখন কেবল আনুষ্ঠানিকতা শুক্রবার ওমানের বিপক্ষে সেই ম্যাচের ফল টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

এদিকে গ্রুপ ‘বি’র শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে আগামী বৃহস্পতিবার কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বো শহরে। তবে ফল যাই হোক, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা দুই দলই নিশ্চিতভাবেই জায়গা করে নিয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে।

সুপার এইটের বাকি দলটি কি

পাকিস্তান : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সাতটি দল নির্ধারিত হয়ে গেছে। দলগুলো হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। অষ্টম দল কোনটি হবে তা নির্ধারিত হবে আগামীকাল বুধবার মূলত পাকিস্তান-নামিবিয়া ম্যাচে। এই ম্যাচে পাকিস্তান জিতলে দলটি উঠে যাবে সুপার এইটে। কোনো অঘটন ঘটলে যুক্তরাষ্ট্র উঠে যাবে শেষ আটে।

সুপার এইটের গ্রুপিং ও ফিকশ্চার আগে থেকেই নির্ধারিত।  গ্রুপ-১ এ পড়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ ২-এ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শেষ দলটি। ২১ তারিখে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ দলের খেলা দিয়ে শুরু হবে সুপার এইট পর্ব। পরের দিন ভারত আহমেদবাদে খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।