ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি  অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে এ যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে চালক ও যাত্রীদের।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) ভোর থেকে মহাসড়কের কুমিল্লাগামী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দির তালতলী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায়  দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

যানজটের কারণ হিসেবে দায়িত্বরত হাইওয়ে পুলিশ জানান, যানবাহনের অতিরিক্ত চাপ,  আঞ্চলিক সড়ক থেকে মহাসড়ক সংযোগস্থলে যানবাহন উঠানামা, পথচারীদের এলোপাতাড়ি পারাপার আর উল্টাপাল্টা গাড়ি চালকরা এর জন্য দায়ী।

ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা বাসের চালক আবুল হাসেম বলেন, আজ সকাল ৬টায় ঢাকা থেকে বাস ছেড়েছি। চার ঘন্টায় হাসানপুর বসে আছি, আরও কতক্ষণ বসে থাকতে হবে জানিনা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার দেশ রূপান্তরকে বলেন, মহাসড়কের কোথাও কোন দুর্ঘটনা না থাকলেও নিত্যদিনের এ যানজট নিরসনের আমাদের হিমসিম খেতে হচ্ছে।  এর মূল কারণ হলো গৌরীপুর বাসস্ট্যান্ডের একপাশে ভোর থেকেই বাজার বসে। বাজারে আসা লোকজন ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এলোপাতাড়িভাবে মহাসড়কের উপর দিয়ে চলাচল বা পারাপার হয়।

আরেকটি কারণ হলো, হোমনা থেকে কুমিল্লাগামী বাসগুলো সরাসরি মহাসড়কে উঠতে গিয়ে দূরপাল্লার যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়।
তিনি জানান, গৌরীপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ দুটি টিম কাজ করছে।