দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়া হলো না সূর্যবংশীর; অনুপস্থিত ঘোষণা

ভারতীয় ক্রিকেটের টিএনএজ সেনসেশন বৈভব সূর্যবংশী এই বছর তার দশম বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ক্রিকেটের ব্যস্ত সময়সূচি তার শিক্ষাজীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা, চলবে ১১ মার্চ পর্যন্ত। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও প্রথম পরীক্ষার দিনই উপস্থিত ছিলেন না এই তারকা ব্যাটার।

পদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈভবের পরীক্ষার ফরম জমা দেওয়া হয়েছে এবং এডমিট কার্ডও ইস্যু করা হয়েছে। নির্ধারিত কেন্দ্র ছিল পদ্দার ইন্টারন্যাশনাল স্কুল। তবে পরীক্ষার দিন তিনি কেন্দ্রে উপস্থিত হননি। বিদ্যালয়ের প্রধান এন.কে. সিনহা বলেছেন, ‘বৈভব সূর্যবংশী আজ (গতকাল) অনুপস্থিত ছিল। সে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়নি। সিবিএসইয়ের নীতিমালা অনুযায়ী আমরা তাকে অনুপস্থিত ঘোষণা করেছি। আশা করেছিলাম, সে পরীক্ষা দেবে। কিন্তু তার অন্যান্য দায়িত্বও রয়েছে; হয়তো কোনো ক্রিকেট ম্যাচ বা অনুশীলন। আমি মনে করি আগামীবার সে অবশ্যই পরীক্ষা দেবে।’

পরীক্ষাকেন্দ্রে বৈভবের এই অনুপস্থিতি এমন সময়ে ঘটল, যখন তিনি ব্যাটিংয়ে অসাধারণ ফর্মে আছেন। সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেতিনি ভারতের সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সাত ইনিংসে ৬২.৭১ গড়ে তার সংগ্রহ ছিল ৪৩৯ রান, যেখানে একটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটির পাশাপাশি স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ১৬৯.৫০! ফাইনালে মাত্র ৮০ বলে ১৫ চার ও ১৫ ছক্কায় খেলেন ১৭৫ রানের ইনিংস।

আসন্ন আইপিএলে বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। গত আসরে তিনি দলটির হয়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন, যার মধ্যে গুজরাট টাইটান্সের বিপক্ষে করেন ৩৫ বলে সেঞ্চুরি। বিশেষজ্ঞরা এই টিনেজারকে ভারতের ক্রিকেট উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে মনে করছেন।