বাংলাদেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম তার নতুন কর্মজীবনের ঘোষণা দিয়েছেন। তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানান, তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ নামক একটি ইংরেজি দৈনিকের সম্পাদক হিসেবে যোগদান করেছেন। পোস্টে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে, দেশে নতুন সরকার গঠিত হওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৮ মাস পর, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয় এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।