ইস্ত্রির মেশিন থেকে টিনশেড ঘরে আগুন, দগ্ধ বাবা-মা-ছেলে 

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় ইস্ত্রি মেশিন থেকে টিনশেড ঘরে আগুনে বাবা-মা ও ছেলে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শামছুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়ারা বেগম (৬০) ও তাদের ছেলে জনি বিশ্বাস (২৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা জনির বড় ভাই মাসুদ বিশ্বাস জানান, দুপুরে তার বাবা-মায়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। ছুটে গিয়ে দেখেন, সেই ঘরের ভেতর আগুন ধরে গেছে। দরজার সামনে আগুন থাকায় তারা বের হতে পারছিলেন না। তখন তিনি ঘরে ঢুকে একে একে তাদের ৩ জনকে বের করে আনেন। ততক্ষণে পুড়ে যায় সমস্ত শরীর। উদ্ধার করতে গিয়ে বড় ছেলে মাসুদও সামান্য আহত হন।

দগ্ধ জনি বিশ্বাস জানান, তিনি ঘরের ভেতর ইস্ত্রি মেশিন দিয়ে নিজের প্যান্ট শার্ট ইস্ত্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে মেশিনটি খুব একটা ভালো ছিল না। যখন সেটির টুপিন ফ্লাগে কানেক্ট করেন তখনই আগুন ধরে যায়। সেই আগুন নিভাতে নিভাতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘরের সব জামাকাপড় আর বিছানায়। জনির চিৎকারেই বাইরে থেকে ছুটে এসেছিলেন তার বাবা-মা। তবে ঘরে এসে তারাও আটকে পড়েন। এরপর ৩ জনই আগুনে ঝলসে যান।

স্বজনরা জানান, জনি পেশায় তেমন কিছুই করেন না। বাইরের দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তিনজনেরই হাত, মুখ, বুক পিঠ এবং পা ঝলসে গেছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।