পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছেংগারচর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি, মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ২ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশ-এর একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রহমত উল্লাহ।