লিসবনে রিয়ালের প্রতিশোধ

গ্যালাতাসারেই এর মাঠ থেকে জীবন নিয়ে ফেরাই কঠিন, এমনটাই অভিজ্ঞতা অনেক ফুটবলারের। সমর্থকদের ভয় ধরানো সব আওয়াজ আর ব্যানার মাঠে নামার আগেই কলজে শুকিয়ে দেয়। ডাগআউট থেকে কোচের কোনো নির্দেশনাই কানে আসে না মাঠের এগার জনের। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জুভেন্টাসকে নরক দর্শনই করাল তুর্কি চ্যাম্পিয়নরা। ২-১ গোলে পিছিয়ে থাকার পরও জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়েছে গ্যালাতাসারেই। ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে বেনফিকাকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মোনাকোর বিপক্ষে ৩-২ গোলের জয় প্যারিস সেন্ত জার্মেইর আর আতালান্তার বিপক্ষে ২-০ গোলের জয় বরুশিয়া ডর্টমুন্ডের।

গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকার কাছে হেরেই শেষ ষোলোয় জায়গা পাওয়ার জন্য প্লে-অফে খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ১৫ বারের ইউরোপিয়ান কাপজয়ীদের জন্য গ্রুপ পর্ব থেকে সরাসরি পরের ধাপে যেতে না পারাটা তো খানিকটা অসম্মানেরই। তারপর ভাগ্যচক্রে ফের বেনফিকার মুখোমুখি লস ব্লাংকোসরা। নকআউট পর্বের ম্যাচে গোলমাল আরও বেড়েছে। এস্তাদিও দে লুইজে ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের কারণে ১০ মিনিট বন্ধ ছিল খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদযাপন করেন এই ব্রাজিলিয়ান। তখন তার দিকে গ্যালারি থেকে জিনিসপত্র ছোড়া হয়। অতিরিক্ত উদযাপনের জন্য হলুদ কার্ডও দেখেন ভিনিসিউস। এরপর বেনফিকার আর্জেন্টাইন ডিফেন্ডার জিয়ানলুকা প্রেস্তিনিনির একটি আচরণ নিয়ে রেফারির কাছে অভিযোগ করেন ভিনিসিউস। রেফারি এরপর বর্ণবাদী মন্তব্যের সংকেত দেন। এই নিয়ে মিনিট দশেক বন্ধ থাকে খেলা। গোলে অ্যাসিস্ট করা কিলিয়ান এমবাপ্পে ম্যাচের পর রিয়াল মাদ্রিদের গণমাধ্যমকে বলেছেন, ‘ভিনিসিউস গোলটা করার পর নাচতে থাকে, তখন দর্শকরা তাকে দুয়োধ্বনি দেয়। এমনটা হয়। এরপর খানিকটা উত্তেজনা তৈরি হয় বেনফিকার খেলোয়াড়দের মধ্যে। এটা হতেই পারে কারণ এটা চ্যাম্পিয়নস লিগ, এমনটা হওয়াই স্বাভাবিক। এরপর, বেনফিকার ২৫ নম্বর জার্সিধারী, আমি তার নাম বলতে চাই না কারণ সে এর যোগ্য না, সে বাজে কথা বলা শুরু করে। এটা গ্রহণযোগ্য নয়। এরপর সে জার্সি তুলে ৫ বার ভিনি একটা বানর বলেছে। আমি শুনেছি, বেনফিকার অন্য খেলোয়াড়রাও এটা শুনেছে। এরপর তো আপনারা দেখেছেন কী হয়েছে।’ এরপর ১২ মিনিটের স্টপেজ টাইম যোগ করে খেলা হয়েছে, শেষ হয়েছে এবং এই সময়ে গ্যালারি থেকে ছোড়া জিনিসের আঘাত লেগেছে ভিনিসিউসের বাহুতে। ম্যাচের পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভিনিসিউস জানিয়েছেন, ‘বর্ণবাদীরা আসলে কাপুরুষ। তারা কতটা ভীরু সেটা দেখানোর জন্য তাদের জার্সি মুখে নিতে হয়’। ওদিকে প্রেস্তিনিনি বলেছেন তিনি বর্ণবাদী কোেেনা মন্তব্য করেননি, ‘আমি স্পষ্ট করতে চাই যে, আমি কখনোই ভিনি জুনিয়রকে উদ্দেশ্য করে কোনো বর্ণবাদী মন্তব্য করিনি; সে যা শুনেছে বলে মনে করছে, তা দুর্ভাগ্যবশত ভুল বুঝেছে। আমি কখনোই কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি এবং রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের কাছ থেকে আমি যে ধরনের হুমকি পেয়েছি, তার জন্য আমি অনুতপ্ত।’ উয়েফা এই ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে এবং একজন নৈতিকতাসম্পন্ন তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে।

গ্যালাতাসারেই এর মাঠে কুপমেইনারসের গোলে ম্যাচের ১৫ মিনিটেই গ্যাব্রিয়েল সারার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাা, যদিও পরের মিনিটেই সমতা ফেরায় জুভেন্টাস। এরপর ৩২তম মিনিটে এগিয়ে যায় তুরিনের দলটি, দুটো গোলই করেন কুপমেইনারস। ২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে গ্যলাতাসারেই, দ্বিতীয়ার্ধে ফিরে আসে বিপুল বিক্রমে। ল্যাং-এর জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম তোলেন সানচেজ ও বোয়ে। ৫-২ গোলে নকআউটের প্রথম লেগটা জিতে এগিয়ে থাকল গ্যালাতাসারেই, ২৫ ফেব্রুয়ারি নিজেদের মাঠে ৩ গোলের ব্যবধান ঘোচাতে হবে জুভেন্টাসকে।

২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ১৮ মিনিটের ভেতর বালোন-এর জোড়া গোল হজম করে লুই এনরিকের দল, এরপর প্রথমার্ধে ২ গোল শোধ করে দিজায়ার দি আর আশরাফ হাকিমি দলকে ফেরান সমতায়। দিজায়ার দিউ-এর ৬৭ মিনিটে করা গোলটাই হয়ে ওঠে হারজিতের ব্যবধান।