মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটাই, মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখব আমরা। মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব।’ গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।  মন্ত্রী এ সময় বলেন, ‘দেশটা আমাদের। মানুষের জন্য কাজ করতে হবে। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব তার একটি লক্ষমাত্রা তৈরি করতে হবে।’ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্যবিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাবেন।’ আরিফুল হক চৌধুরী বলেন, ‘পবিত্র মাহে রমজান আসছে। রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।’ 

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেন, ‘প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে যে, আমরা এ কাজগুলো করব। আমরা মানুষকে যেন বলতে পারি যে, তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে এমন হতে পারে,  সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি।’ এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।