জলবায়ু পরিবর্তন মোকাবিলা বড় চ্যালেঞ্জ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন সংরক্ষণ এবং কৃষি উৎপাদনশীলতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনে সব চ্যালেঞ্জ পুরোপুরি বোঝা সম্ভব না হলেও পরিবেশগত চ্যালেঞ্জ এখন বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে আবহাওয়ার ধরনে পরিবর্তন হচ্ছে এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বন-জঙ্গল সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদনশীলতা যাতে কমে না যায় এবং লবণাক্ত জমিতে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে মোকাবিলা করা হবে জানিয়ে আবদুল আউয়াল বলেন, ‘আমি মনে করি, আমাদের যে অভিজ্ঞতাসম্পন্ন মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদ, আমরা একত্রে মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি পরিবেশের দিক থেকে হোক বা সেটি খাদ্য উৎপাদনের দিক থেকে হোক। সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে, যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি।’