পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না : অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। গতকাল বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খুব খারাপ অবস্থা। আমাদের প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলোর অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নিই এগুলো কাজ করবে। এটা হচ্ছে এক নম্বর।

তিনি বলেন, দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে পৃষ্ঠপোষকতার অর্থনীতি হিসেবে আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।

তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যায় বলেন অর্থমন্ত্রী।