খুলনায় ফের দুর্বৃত্তের গুলিতে আয়নুল নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।
আহত আয়নুল (৩০) লবণচরা থানার ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। দুটি গুলি তার ডান পায়ের হাটুতে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান।
লবণচরা থানার উপপরিদর্শন (এসআই) খালিদ হাসান জানান, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে ১৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় সোহেল (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। অপরদিকে একই স্থানে ৫ ফেব্রুয়ারি রাকিব নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনাও ঘটে।