নিয়োগ পাওয়ার দুই দিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান। ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত জানান।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।
যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। তবে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদে তাকে বিবেচনা করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে নাবিল মুস্তাফিজুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি পদে কর্মরত আছেন।
অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের অক্টোবরে ইউসিবি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে ‘কান্ট্রি চিফ রিস্ক অফিসার’ ছিলেন। তিনি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।