প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন। দিনের শুরুতেই তিনি দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী দপ্তরে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) বৈঠকে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এর আগে, সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএনআই) এবং ১০টায় ডিজিএফআই (ডিজিএফআই)-এর মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেলা সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেন।

সচিবালয়ের কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন। যেখানে দেশের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। এছাড়া দুপুর ২টায় অপর একটি সভায় তিনি আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।