রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার

পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী সরবরাহের আওতায় আনা হচ্ছে। রাজধানীর ২৫টি নির্ধারিত স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কর্মসূচির সূচনা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, ‌‘রমজানজুড়ে রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্পটে নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হবে।’

সরকারি এই উদ্যোগে প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচির প্রভাবে খোলা বাজারেও পণ্যের দামে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ালে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার সরাসরি ভর্তুকিভিত্তিক বিক্রয় কার্যক্রম শুরু করেছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতে পারেন। ভবিষ্যতে এ কর্মসূচি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।