রমজানের শুরুর প্রথম সাহরির সুযোগে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে বগুড়ায় দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসি বগুড়ার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে সদরের নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আটকরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম মান্না (২৮) ও একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো.আনোয়ার হোসেন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন খবর পেয়ে ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘তাজ পরিবহন’নামের একটি বাস সেখানে পৌঁছলে সংকেত দিয়ে থামানো হয়। পরে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটের দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৩ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়। এছাড়া তাদের কাছে বাসের টিকিট ছিল না বলে জানিয়েছেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানিয়েছে সাহরির সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি শিথিল থাকতে পারে এমন ধারণা থেকে তারা এ সময়কে পাচারের জন্য বেছে নেন।