পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ সময় ভিসা জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সরকার অবগত এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি।