প্রাইভেটকার কিনে না দেয়ায় নিজের শরীরে আগুন

বাবা-মার কাছে প্রাইভেটকার কেনার দাবি পূরণ না হওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন জনি বিশ্বাস নামে এক মাদকাসক্ত যুবক। তাকে বাঁচাতে গিয়ে একই পরিবারের আরও তিনজনসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের কালীবাড়ি এলাকায়।

অপর দগ্ধরা হলেন- তার বাবা শামসুল বিশ্বাস (৬৫), মা মাফিয়াড়া বেগম (৫৫) ও ভাই মাসুম বিশ্বাস (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শামসুল বিশ্বাসের দুই ছেলের মধ্যে ছোট ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সম্প্রতি তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কিনে দেওয়ার দাবি করে আসছিলেন। গাড়িটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করার কথা বললেও পরিবার এ দাবি মানেনি। এতে ক্ষুব্ধ হয়ে আজ বিকেল সাড়ে চারটার দিকে জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুহূর্তেই আগুন ঘরের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে বাইরে থেকে বাবা, মা ও ভাই ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে তারা সবাই গুরুতর দগ্ধ হন। 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারজনকেই ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

বেতিলা-মিতরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, জনি এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। প্রাইভেটকার না পেয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরাও দগ্ধ হয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি প্রাইভেটকার না পেয়ে আত্মহত্যার চেষ্টা বলেই জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।