শরীয়তপুরের জাজিরার নাওডোবায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাস হেলপার ও এক সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার ও ইউনুস স্টার এক্সপ্রেস বাসের সুপার ভাইজার। তারা দুইজন গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।
মাদারীপুরের সিবচর হাইওয়ে থানা পুলিশের এসআই আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাদারীপুরের ভাঙায় যাচ্ছিল। শরীয়তপুরের নাওডোবা গোল চত্বর এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার এক্সপ্রেস বাসটি খান পরিবহন বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলে ও সুপারভাইজার ইউনুস মোল্লা সিবচর সরকারি হাসপাতালে নিহত হন। আকাশ ও ইউনুস গোপালগঞ্জ সদরের বাসিন্দা। এ সময় অন্তত ৫ জন আহত হন। আহতের সিবচর সরকারি হাসপাতালেসহ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বাস দুটিকে জব্দ করেছে সিবচর হাইওয়ে থানা পুলিশ।