অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও চমকে দিল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে জিম্বাবুয়ে। এবার তারা হারালো স্বাগতিক শ্রীলঙ্কাকেও।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭ উইকেটে ১৭৮ রান করেছিল স্বাগতিকরা। ওপেনারদের ঝলমলে শুরুতেই রান তাড়ায় নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। প্রথম উইকেট পড়ার পর অপ্রত্যাশিতভাবে ব্যাটিংয়ে নামেন রায়ান বার্ল। ১২ বলে ২৩ রানের  ঝাঁঝালো ইনিংসে ম্যাচের গতি ধরে রাখেন তিনি।

এরপর শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ক্রিজে এসে চারদিকে শক্তিশালী শটে চাপ মুক্ত করেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ৩৬ বলে ৪৬ রান করেন তিনি ২ বাউন্ডারি আর ৪ ছক্কায়।

ওদিকে শান্ত মাথা আর স্থির হাতে খেলা ব্রায়ান বেনেট পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই নিজের মূল্য প্রমাণ করে চলেছেন। জিম্বাবুয়ের জন্য তিনি কেন এত গুরুত্বপূর্ণ সম্পদ, সেটাই দেখিয়ে দিচ্ছেন।  ৪৮ বলে আজকের ৬৪ রানে তিন ম্যাচে তার রান ১৭৫। ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা—তার স্মরণীয় ইনিংসের জন্য।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৭৮ রান। ওপেনিংয়ে পাথুম নিশাংকা করেন গুছানো ৬২ রান, আর মাঝে পবন রত্নায়েকে খেলেন ৪৪ রানে ইনিংস। যদিও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। মাঝের ওভারগুলোতে রানের গতি বেঁধে দেন গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইবাস ও ব্লেসিং মুজারাবানি —তিনজনই নেন দুটি করে উইকেট, শেষদিকে শ্রীলঙ্কার গতি বাড়াতে দেননি।

তিনটি জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফল নিয়ে দারুণ আত্মবিশ্বাসে পরের পর্বে উঠছে জিম্বাবুয়ে। অন্যদিকে, ঘরের মাঠে এই হারের পর উত্তর খুঁজতে হচ্ছে শ্রীলঙ্কাকে।