নানা রঙে অ্যাপলের ম্যাকবুক

খুব শিগগিরই বিভিন্ন রঙে বাজারে আসছে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী ম্যাকবুক। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের পরবর্তী উন্নতমানের বিভিন্ন ম্যাকবুকের জন্য হালকা হলুদ, হালকা সবুজ, নীল ও গোলাপি রঙের পরীক্ষা চালিয়েছে অ্যাপল। এসব ম্যাকবুক শিক্ষার্থী ও অফিসের কর্মীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিভিন্ন উজ্জ্বল রঙের পাশাপাশি নিজেদের সাশ্রয়ী ল্যাপটপের জন্য চিরচেনা সিলভার ও ডার্ক গ্রে বা গাঢ় ধূসর রঙ দুটিও পরীক্ষা করে দেখছে অ্যাপল। তবে ছয়টি রঙের সব কটিই যে শেষ পর্যন্ত বাজারে আসবে, সে নিশ্চয়তা নেই।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ইদানীং উজ্জ্বল ও ঝকঝকে রঙ ব্যবহারে আগের চেয়েও আগ্রহী হয়ে উঠছে অ্যাপল। যেমন ২০২৪ সালে আইম্যাক সাতটি ভিন্ন রঙে বাজারে এনেছিল কোম্পানিটি। সর্বশেষ ম্যাকবুক এয়ারে সাধারণ স্পেস গ্রে রঙের বদলে স্কাই ব্লু বা আকাশি নীল রঙ নিয়ে এসেছে তারা। রঙের কথা বাদ দিলে সাম্প্রতিক গুঞ্জন বলছে, এ নতুন ম্যাকবুকের দাম হতে পারে ৬৯৯ থেকে ৭৯৯ ডলারের মধ্যে। এ সাশ্রয়ী দামের ম্যাকবুকে অ্যাপল সম্ভবত নিজেদের আইফোনের চিপ ব্যবহার করবে, যেমন ‘এ১৮ প্রো’, যা প্রথম আইফোন ১৬ প্রো ম্যাক্স-এ ব্যবহৃত হয়েছে।

দাম কমাতে অ্যাপল ম্যাকবুকের হার্ডওয়্যার, পোর্ট বা ডিসপ্লের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে পারে। তবে ম্যাকবুকের বডির বা খোলসের গুণমানের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না এ নির্মাতা। খরচ কমাতে প্লাস্টিকের মতো সাশ্রয়ী জিনিসের বদলে নতুন প্রযুক্তিতে তৈরি অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করবে কোম্পানিটি। এ সাশ্রয়ী ম্যাকবুকটির জন্য ব্যবহারকারীদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। এ বছরের মার্চে এক ইভেন্টে আনুষ্ঠানিকভাবে এ ম্যাকবুকের ঘোষণা দিতে পারে অ্যাপল।