একঝাঁক শিল্পীর ‘হ্যাপি ডিভোর্স’

এবারের ঈদে প্রচারের জন্য তরুণ নির্মাতা তপু খান গত সপ্তাহেই নির্মাণ কাজ শেষ করেছেন ঈদের বিশেষ নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি রচনা করেছেন টিউন তেহরিন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুব্রত, শামীমা নাজনীন, রোজী সেলিম, সমাপ্তি মাসউক, তাহমিনা সুলতানা মৌ, ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকে জোভানের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত ও শামীমা নাজনীন। মৌ ও কেয়া পায়েলের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী সেলিম। সমাপ্তিকে দেখা যাবে মৌয়ের স্বামীর চরিত্রে এবং জোভানকে দেখা যাবে কেয়া পায়েলের স্বামীর চরিত্রে।

 নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘নাটকে আমি এবং পায়েল স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। মূলত নাটকটি আমাদের সন্তান নেওয়াকে ঘিরেই গল্প। আমার বাবা-মা তাদের নাতি-নাতনির মুখ দেখতে চায়। এই নিয়েই গল্প এগিয়ে যায়। গল্পটা সুন্দর। সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। আশা করছি প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।’ কেয়া পায়েল বলেন, ‘ঈদের নাটক হিসেবে হ্যাপি ডিভোর্স নাটকটি দর্শকের জন্য উপভোগ করার মতোই একটি নাটক। নাটকের গল্প ভাবনাটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। আর সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। অনেক কিছু শেখা যায়। এই নাটকে অভিনয় করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হলো।’

রোজী সেলিম বলেন, ‘সব মিলিয়ে মনে হয়েছে তপু বেশ যতœ করেই নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। সবাই যার যার চরিত্রে শ্রম দিয়েছে কাজটি যেন ভালো হয়। আশাবাদী আমি।’ সুব্রত বলেন, ‘এ ধরনের গল্পের নাটক নির্মাণ একটু চ্যালেঞ্জিংই বটে।’ শামীমা নাজনীন বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি নিজের চরিত্রটি শতভাগ যথাযথভাবে উপস্থাপনের। এই নাটকেও সেই চেষ্টা ছিল।’ সমাপ্তি বলেন, ‘অনেক শিল্পীর সমন্বয়ে নাটক নির্মাণ অনেক কমে গেছে। তপু খানকে ধন্যবাদ বহু চরিত্রের গল্প নির্বাচনের জন্য।’ মৌ বলেন, ‘দীর্ঘদিন পর সবার সঙ্গে এক নাটকে কাজ করে খুব ভালো লেগেছে। ধন্যবাদ তপু খানকে।’ ‘হ্যাপি ডিভোর্স’ নাটকটি আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।