আবারও তৃপ্তি বন্দনা

দিল্লির মেয়ে তৃপ্তি দিমরি এখন বলিউডের সেনসেশন। তার ঝুলিতে এখন একের পর ছবির প্রস্তাব। বলিউডের নামজাদা প্রযোজকরা নাকি তৃপ্তির সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে একগুচ্ছ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজও শুরু করেছেন কয়েকটির। তৃপ্তির ভাষ্য, ‘এ বছর আমাকে দর্শক বিভিন্ন রূপে পর্দায় দেখতে পাবেন। প্রতিটি চরিত্র একটি অন্যটির থেকে আলাদা। তাই চমক থাকবে প্রতিনিয়ত।’ সেই ধারাবাহিকতায় এবার নতুন বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পেয়েছে তৃপ্তির নতুন সিনেমা ‘ও রোমিও’। অন্ধকার প্রেমে ঘেরা এ সিনেমার মূল চরিত্রে শাহিদ কাপুর অভিনয় করলেও তৃপ্তির চরিত্রও অনেক গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রথমবারের মতো শাহিদের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি ছিল না। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে।

ভালোবাসার মৌসুমে যখন বড়পর্দা সাধারণত রোমান্টিক ছবিতে ভরে ওঠে, ঠিক তখনই সেই চেনা আবহে রক্তের দাগ টেনে দিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। আর বিশাল ভরদ্বাজের সিনেমা মানেই ধূসরতা, মানসিক টানাপড়েন আর আপসহীন ভিশন। আর ‘ও রোমিও’ নাকি সেই স্বাক্ষরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা ছবির সঙ্গে যুক্ত, তাদের কথায় এটি এমন এক কাজ, যা দর্শককে আরাম ও নাড়া দিচ্ছে। শাহিদও নাকি নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন এই চরিত্রের কাছে। মুক্তির মাত্র পাঁচ দিনেই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির প্রথম রসায়ন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটি ভারতের অভ্যন্তরীণ বাজারে ইতিমধ্যে ৪০ কোটি রুপির বেশি আয় করেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই এটি অনায়াসে ৫০ কোটির মাইলফলক স্পর্শ করবে।

‘অ্যানিম্যাল’ সিনেমার পর থেকেই তৃপ্তি দিমরিকে নিয়ে বলিউডে যে উন্মাদনা শুরু হয়েছিল, ‘ও রোমিও’র সাফল্য তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সমালোচকরা তাকে এখন বলিউডের নতুন ‘গোল্ডেন গার্ল’ হিসেবে অভিহিত করছেন। এই সিনেমায় শাহিদ কাপুরের সঙ্গে তার রসায়ন এবং সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃপ্তির স্ক্রিন প্রেজেন্স নিয়ে চলছে ব্যাপক প্রশংসা। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শের মতে, ‘তৃপ্তি শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের গভীরতা দিয়েও দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হচ্ছেন।’

‘হায়দার’ এবং ‘কামিনে’র পর পরিচালক বিশাল ভরদ্বাজ ও শাহিদ কাপুর জুটির তৃতীয় এই প্রজেক্ট নিয়ে আগে থেকেই দর্শকের ব্যাপক কৌতূহল ছিল। ‘ও রোমিও’ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। চমৎকার মিউজিক স্কোর এবং টানটান চিত্রনাট্য সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। শাহিদ কাপুর তার চিরচেনা রোমান্টিক ইমেজের পাশাপাশি পরিণত অভিনয়ের ছাপ রেখেছেন, যা তৃপ্তির চঞ্চল চরিত্রের সঙ্গে দারুণ এক ভারসাম্য তৈরি করেছে। মুক্তির প্রথম দিন থেকেই ভারতের মাল্টিপ্লেক্সগুলোতে ‘ও রোমিও’র দাপট লক্ষ করা যাচ্ছে।